নিজস্ব প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা সিএনজি চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চক্রের কাছ থেকে একটি চুরি হওয়া সিএনজিচালিত অটোরিকশাও উদ্ধার করা হয়।মঙ্গলবার (৫ মে) ভোর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সোহাগ গাজী এলাকা সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক এলাকার মো. আল আমিন (৩৬), একই এলাকার ডোহল বাড়ির মো. রুহুল আমিন (৩৮) এবং কুমিল্লা সদর দক্ষিণ থানার মথুরাপুর এলাকার মো. রুবেল (৩১)।পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় গজারিয়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে চুরি হওয়া সিএনজি সংগ্রহ করে আন্তঃজেলা চোরচক্রের মাধ্যমে বিক্রি ও পাচার করে আসছিল।অভিযানে তাদের হেফাজত থেকে একটি চুরি হওয়া সিএনজি উদ্ধার করা হয়েছে।গজারিয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।