লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী
ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বাড়লেও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় এখনো বড় ধরনের যানজটের আশঙ্কা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার সকালে মাওয়া টোল প্লাজা ঘুরে দেখা যায়, দক্ষিণবঙ্গমুখী যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। টোল বুথে সামান্য লাইন থাকলেও দ্রুত টোল আদায় সম্পন্ন হওয়ায় গাড়িগুলো সহজেই পার হয়ে যাচ্ছে। ফলে দীর্ঘ সময়ের যানজটের সৃষ্টি হচ্ছে না। মাঝে মাঝে একসঙ্গে কয়েকটি গাড়ি এলে সাময়িক চাপ তৈরি হলেও তা দ্রুতই স্বাভাবিক হয়ে যাচ্ছে।
সকাল থেকেই পদ্মা সেতু হয়ে ঈদে ঘরমুখো মানুষ পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছেন।
এ বিষয়ে মাওয়া ট্রাফিক জোনের টিআই জিয়াউল হক জিয়া বলেন, সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত গাড়ি থাকলেও তা সহনীয় পর্যায়ে। দীর্ঘ ছুটি থাকায় যাত্রীরা ধীরে ধীরে বাড়ি ফিরছেন, ফলে চাপ একসঙ্গে তৈরি হচ্ছে না।
এরই মধ্যে সোমবার সন্ধ্যায় মাওয়া টোলপ্লাজা পরিদর্শন করেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের বিভিন্ন মহাসড়কে যানজটপ্রবণ ২৬০টি স্থান চিহ্নিত করে কাজ করছে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও সড়ক বিভাগ।
মন্ত্রী আরও বলেন, ঈদের ছুটিতে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে সেই প্রস্তুতির বাস্তবায়ন পর্যবেক্ষণেই তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন।
তিনি আশ্বস্ত করে বলেন, সড়কে যানবাহনের চাপ বাড়লেও বড় ধরনের সমস্যার আশঙ্কা নেই। গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং কোথাও কোনো সংকট নেই। অভিযোগ পেলে তা দ্রুত সমাধান করা হচ্ছে।
ঈদের আগে ও পরে মোট আট দিন সড়কে সর্বোচ্চ প্রস্তুতি থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।