মোঃ স্বপন বেপারী
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় এক্সপ্রেসওয়ের কয়েকটি অংশে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার রাত দেড়টার দিকে শ্রীনগর উপজেলার দোগাছি সেনা ক্যাম্প সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে মালবোঝাই দুটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালক ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত ট্রাকচালকের নাম মো. হোসেন। তিনি চুয়াডাঙ্গা জেলার বেলগাছি মুসলিমপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. টাবু। নিহতের মরদেহ বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।এদিকে সোমবার ভোর ৪টার দিকে শ্রীনগরের সমষপুর যাত্রী ছাউনির সামনে মাওয়ামুখী লেনে দুই বাস ও একটি প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে তিনজন আহত হন। ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি প্রাইভেটকার পেছন থেকে আসা দুই বাসের মাঝে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতরা হলেন— বগুড়া জেলার শেরপুর উপজেলার পূর্ব দত্তপাড়া গ্রামের তৌফিক সিদ্দিক, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সিনতয়া এবং সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভড়াকান্দি গ্রামের হামিদা।শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।দ্বিতীয় দুর্ঘটনার পর প্রায় আধাঘণ্টা যান চলাচল ধীরগতিতে ছিল। পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে স্বাভাবিক করা হয় যান চলাচল।