পুলিশকে যারা মেরেছে তাদের কি বিচার হবে না বলে প্রশ্ন করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেন, পুলিশ যাদেরকে হত্যা করেছে তার কারণে পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে। বহু পুলিশ জেলখানাতে, বহু পুলিশ পলাতক, বহু পুলিশ চাকরিচ্যুত হয়েছে। কিন্তু পুলিশকে যারা মেরেছে তাদের কি বিচার হবে না? পুলিশ হত্যার মত যে হত্যাকাণ্ড এটা কোনো একটি ইতিহাসের অংশ হতে পারে না।
এটা কোনো অবস্থাতেই দায় মুক্তি পেতে পারে না। এই দায়মুক্তি নিয়ে একটি জাতি কখনো এগোতে পারে না।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে রনি এসব কথা বলেন।
রনি বলেন, জুলাই এবং আগস্ট ২০২৪-এ দেশে নির্মম হত্যাকাণ্ডগুলোর মধ্যে যেগুলো ছাত্রলীগ ঘটিয়েছে, পুলিশ ঘটিয়েছে সেগুলোর বিচার হচ্ছে এবং এটা হতেই হবে।