সম্প্রতি একটি অনুষ্ঠানে ভিডিও ধারণকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ওই অনুষ্ঠানে অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী অনুরোধ করেন, তাঁকে টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও ধারণ না করতে। অনুরোধ উপেক্ষা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
সেই ভিডিওটি শেয়ার করে তাঁর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা পরীমনি। এবার এ প্রসঙ্গে কথা বলেছেন আরেক চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।
মিম বলেন, ‘প্রকৃত অর্থে পেশাদার সাংবাদিকরা কখনোই এ ধরনের আচরণ করেন না। যারা এমন কাজ করেন, তারা মূলত কনটেন্ট ক্রিয়েটর বা বিভিন্ন পেজ পরিচালনাকারী, যাদের মূল লক্ষ্য থাকে ভিউ পাওয়া।
সত্যিকারের সাংবাদিকরা কখনো এমন আচরণ করেন না।’
এই নায়িকা আরো বলেন, এত বছরের অভিজ্ঞতায় আমি কখনো এমন কিছু দেখিনি। তবে যখন কোনো অনুষ্ঠান হয়, তখন বাইরের কিছু লোক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সেখানে উপস্থিত থাকে। মূলত সেখান থেকেই ঝামেলার সৃষ্টি হয়।