কোভিডের সময়েই লম্বা একটা বিরতি নেন শাকিব খান। চলে যান যুক্তরাষ্ট্রে। দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২২ সালে দেশে ফেরেন। সেই থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে এখনো ধরে রেখেছেন শীর্ষস্থান। শুধু ব্যবসায়িক সাফল্য নয়, লুক ও অভিনয় দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ঢাকাই সিনেমার এই নায়ক। নতুন এই যাত্রায় শাকিব আস্থা রেখেছেন নতুন নির্মাতাদের ওপর। ইতিমধ্যে একাধিক নির্মাতার প্রথম সিনেমার নায়ক হয়েছেন শাকিব। এমনকি পরবর্তী তিন সিনেমাতেও তিনি ভরসা রাখছেন নতুনদের প্রতি। ২০২৩ সালে মুক্তি পায় শাকিবের ‘লিডার: আমিই বাংলাদেশ’। ৩৫০টির বেশি নাটক আর বিজ্ঞাপন বানানোর পর এই সিনেমা দিয়ে বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হয় তপু খানের। তবে লিডার সিনেমার পর এখনো নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি তপুর।
একই বছরের কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ। এই সিনেমা দিয়ে যেন নতুন করে জেগে ওঠেন শাকিব। সিনেপ্লেক্সেও তৈরি হয় শাকিব খানের চাহিদা। প্রিয়তমা ছিল হিমেলের বানানো দ্বিতীয় সিনেমা।