লৌহজংয়ের মালির অংক তিন রাস্তার মোড়ে ভয়াবহ যানজট, নির্বাচন সামনে রেখে শঙ্কা – দৈনিক মানবতার কন্ঠ

লৌহজংয়ের মালির অংক তিন রাস্তার মোড়ে ভয়াবহ যানজট, নির্বাচন সামনে রেখে শঙ্কা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: February 9, 2026

মোঃ জাহিদ হাসান, লৌহজং উপজেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা সদরের কেন্দ্রবিন্দু মালির অংক তিন রাস্তার মোড়ে দীর্ঘদিন ধরে ভয়াবহ যানজট লেগেই আছে। ঘটনাস্থলে উপস্থিতহয়ে দেখাজায়, সড়ক দখল করে ভ্যানের মাধ্যমে অস্থায়ী দোকান বসানো এবং দুই পাশে অবৈধভাবে অটোরিকশা পার্কিং করাই এই যানজটের মূল কারণ। এতে সড়কে স্বাভাবিক যান চলাচলের আর কোনো জায়গা থাকছে না।স্থানীয় ও গণমানুষের তথ্যমতে, মালির অংক বাজার থেকে একটি সড়ক মাওয়া হয়ে রাজধানী ঢাকার দিকে গেছে। এর বিপরীতে আরেকটি সড়ক টঙ্গীবাড়ী উপজেলা হয়ে মুক্তারপুর হয়ে নারায়ণগঞ্জের সঙ্গে সংযুক্ত। অপরদিকে, মালির অংক থেকে নওপাড়া হয়ে সিরাজদিখান ও শ্রীনগরগামী সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই একই সড়কের পাশে অবস্থিত লৌহজং উপজেলা পরিষদ, লৌহজং থানা, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ অফিস ও পশু হাসপাতাল।লক্ষ করা গেছে, মালির অংক থেকে নওপাড়া সড়কে সকাল থেকে গভীর রাত পর্যন্ত অস্থায়ী দোকানের কারণে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সময়মতো অফিসে পৌঁছাতে পারছেন না, জরুরি প্রশাসনিক কাজেও ব্যাঘাত ঘটছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—গুরুতর রোগীদের হাসপাতালে নেওয়ার সময় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় জনমনে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। অনেকের প্রশ্ন, প্রশাসন যদি দ্রুত সড়কগুলো দখলমুক্ত না করে কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে নির্বাচনের দিনে কোনো ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে তা প্রতিরোধ করা কঠিন হয়ে পড়বে।এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি (মিতু) বলেন, “আমরা খুব দ্রুতই উপজেলার সব গুরুত্বপূর্ণ সড়ক ক্লিয়ার করার ব্যবস্থা নেবো। সামনে নির্বাচন, আমরা চাই না আমাদের উপজেলায় কোনো ভোটকেন্দ্র মুভ বা বিশৃঙ্খলার শিকার হোক।”