পদ্মা সেতুর পাশে মাওয়া বাজারের প্রধান সড়ক চলাচলের অনুপযোগী ব্যবসা-বাণিজ্যে বড় ধাক্কা – দৈনিক মানবতার কন্ঠ

পদ্মা সেতুর পাশে মাওয়া বাজারের প্রধান সড়ক চলাচলের অনুপযোগী ব্যবসা-বাণিজ্যে বড় ধাক্কা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: March 18, 2026

লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের মাওয়া বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। পদ্মা সেতুর উত্তর থানার আওতাধীন এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করলেও এখনো স্থায়ীভাবে সংস্কার করা হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও যাত্রীরা।স্থানীয়দের অভিযোগ, পদ্মা সেতু উদ্বোধনের সময় ২০২২ সালের ২৫ জুন তড়িঘড়ি করে সড়কটি ঢালাই না করে ইট বিছিয়ে সাময়িকভাবে মেরামত করা হয়। কিন্তু দীর্ঘ প্রায় চার বছর পার হলেও সড়কটির স্থায়ী সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে ধস ও গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।এই সড়ক দিয়ে মাওয়া বাজার, সুপারমার্কেট ও মাওয়া মৎস্য আড়তের ব্যবসায়ীরা প্রতিদিন যাতায়াত করেন। ব্যবসায়ীদের দাবি, সড়কের বেহাল অবস্থার কারণে ক্রেতা ও বিক্রেতারা অনেকেই আসতে চান না। এতে প্রতিদিন প্রায় অর্ধকোটি টাকার মাছের বেচাকেনা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা জানান।স্থানীয় ব্যবসায়ী ও মৎস্য আড়তের কেতারা জানান, ইট বিছানো এই সড়কে চলাচল করা খুবই কষ্টকর। অনেক ক্রেতা ও পাইকার এই রাস্তার কারণে আসতে চান না। এতে আমাদের ব্যবসায় বড় ধরনের ক্ষতি হচ্ছে।এদিকে সড়কটি মাওয়া থেকে যশলদিয়া, কান্দিপাড়া, বালাশুর ও ভাগ্যকুলসহ বিভিন্ন এলাকায় যাওয়ার গুরুত্বপূর্ণ সংযোগ পথ। পাশাপাশি এ সড়ক ধরে আশপাশের পর্যটন এলাকায়ও প্রতিদিন বহু পর্যটক যাতায়াত করেন। কিন্তু সড়কের খারাপ অবস্থার কারণে তাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয়রা জানান, ভাঙাচোরা এই সড়কে রিকশা, অটোরিকশা বা অন্য যানবাহনে চলাচলের সময় তীব্র ঝাঁকুনির সৃষ্টি হয়। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও বয়স্কদের জন্য এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।স্থানীয় দোকানদার ও মৎস্য আড়তের ব্যবসায়ীরা দ্রুত সড়কটি পাকা করে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, পদ্মা সেতুর মতো দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার পাশের এই সড়ক দ্রুত সংস্কার করা হলে ব্যবসা বাণিজ্য ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হবে।