মোঃ জাহিদ হাসান, লৌহজং উপজেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ডহুরি-বাঁলিগাও-তালতলা খালের ভাঙন রোধ ও চাঁদাবাজি বন্ধে বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।সোমবার (১১ মে) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু-এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় বক্তারা জানান, দীর্ঘদিন প্রশাসনের নির্দেশে খালটিতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকলেও সম্প্রতি কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে পুনরায় বাল্কহেড চলাচল শুরু হয়েছে। এর ফলে খালের দুই পাড়ের বসতবাড়ি ভাঙনের মুখে পড়ছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। পাশাপাশি, কিছু ব্যক্তি বাল্কহেড চলাচলের সুযোগ করে দিতে চাঁদাবাজির সঙ্গে জড়িত বলেও অভিযোগ ওঠে।এ পরিস্থিতিতে চাঁদাবাজি বন্ধ ও খাল রক্ষায় করণীয় নির্ধারণে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাছের লিমন, সাংবাদিক মোঃ জাহিদ হাসান নৌ পুলিশের মাওয়া ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বাল্কহেড মালিক-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বক্তারা আরও বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (BIWTA)-এর টোলঘর বন্ধ না করলে বাল্কহেডগুলো টোল দিয়ে পুনরায় খালে চলাচলের চেষ্টা করতে পারে। তাই দ্রুত টোলঘর বন্ধেরও দাবি জানানো হয়।সব পক্ষের বক্তব্য শোনার পর ইউএনও ফারজানা ববি মিতু তাৎক্ষণিকভাবে ঘোষণা দেন, সোমবার থেকেই ডহুরি-বাঁলিগাও-তালতলা খালে বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (BIWTA) ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় ইউপি সদস্যদের এ নির্দেশনা বাস্তবায়নে দায়িত্ব দেওয়া হয়েছে।