১০ বছরের মাদ্রাসা শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার সুপার আটক – দৈনিক মানবতার কন্ঠ

১০ বছরের মাদ্রাসা শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার সুপার আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: March 17, 2026
প্রতীকী ছবি

কুষ্টিয়ার ভেড়ামারায় ১০ বছর বয়সী মাদরাসাপড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার সুপার মাওলানা সাইদুর রহমানকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শিশুটির পরিবার জানায়, আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে ওই মাদরাসা শিক্ষার্থী।

রবিবার (১৫ মার্চ) শিশুটির পরিবার ধর্ষণের বিষয়টি জানতে পেরে তাকে হাসপাতালে ভর্তি করে। পুলিশ পরদিন সোমবার মাদরাসার সুপারকে আটক করে।

পুলিশ জানায়, দৌলতপুরের বাসিন্দা শিশুটি ৮ মাস আগে ওই মহিলা মাদরাসায় ভর্তি হয়। সে সহপাঠীদের সঙ্গে সেখানে থাকত। গত রবিবার মাদরাসা ছুটি হওয়ায় শিশুটির মা তাকে বাড়ি নিয়ে যেতে আসেন। এ সময় অভিযুক্ত সুপারের স্ত্রী তাকে জানান, শিশুটির জ্বর এসেছে।

পরে শিশুটিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন দেখে ডাক্তাররা তাকে রাজশাহী মেডিক্যালে স্থানান্তর করেন।

শিশুটি এখন আইসিইউতে রয়েছে বলে জানিয়েছে তার পরিবার। পুলিশ সোমবার অভিযুক্ত শিক্ষক সাইদুর রহমানকে আটক করেছে।