দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলায় সূর্যের প্রখর তাপে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, রিকশাচালক ও নির্মাণ শ্রমিকরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকায় অসুস্থতার ঝুঁকিও বাড়ছে।
হাসপাতালগুলোতে হিটস্ট্রোক, ডিহাইড্রেশনসহ গরমজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং বেশি করে পানি পান করার পরামর্শ দিচ্ছেন।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এই অবস্থা শুধু রাজধানী ঢকিা শহরে না সমগ্র বাংলাদেশেই চলছে। রাজশাহী বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে খুলনা বিভাগের ১০ জেলাসহ মোট ২৭ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে চলেছে-এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।