কৃপণতার অন্ধকার ও দানের আলো – দৈনিক মানবতার কন্ঠ

কৃপণতার অন্ধকার ও দানের আলো

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 23, 2026
প্রতীকী ছবি

মানুষের চরিত্রের ভেতরে কিছু প্রবণতা আছে, যা তাকে ধীরে ধীরে সংকীর্ণ করে ফেলে। হৃদয়কে ছোট করে, দৃষ্টিকে সীমাবদ্ধ করে এবং সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। কৃপণতা তেমনই এক ব্যাধি। এটি শুধু সম্পদ না দেওয়ার নাম নয়; বরং এটি এক ধরনের মানসিক দারিদ্র্য, যেখানে মানুষ আল্লাহর দেওয়া নেয়ামত থাকা সত্ত্বেও তা ব্যয় করতে কুণ্ঠিত হয়।

ইসলাম এই অহেতুক কৃপণতাকে কখনো সমর্থন করে না; বরং উদারতা, দানশীলতা ও ভারসাম্যপূর্ণ ব্যয়ের শিক্ষা দেয়।

পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা স্পষ্টভাবে সতর্ক করেছেন—

وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِن فَضْلِهِ هُوَ خَيْرًا لَّهُم ۖ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ

“যারা আল্লাহ তাদের অনুগ্রহ করে যা দিয়েছেন, তা নিয়ে কৃপণতা করে, তারা যেন মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণকর; বরং এটা তাদের জন্য অকল্যাণকর।” (সুরা : আলে ইমরান, আয়াত : ১৮০)

এই আয়াত কৃপণতার অন্তর্নিহিত ক্ষতিকে উন্মোচন করে। মানুষ মনে করে, সম্পদ আঁকড়ে ধরলে তা রক্ষা পাবে; অথচ কোরআন বলছে, এই কৃপণতাই তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে।

কারণ সম্পদ নিজেই উদ্দেশ্য নয়; এটি একটি আমানত, যার সঠিক ব্যবহারই প্রকৃত সফলতা।

আরেক জায়গায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন—

وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَىٰ عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ

“তুমি তোমার হাত গলায় বেঁধে রেখো না (অর্থাৎ কৃপণ হয়ো না), আবার একেবারে পুরোপুরি খুলেও দিয়ো না (অপব্যয়ও করো না)।” (সুরা বনি ইসরাইল, আয়াত : ২৯)

এখানেই ইসলামের সৌন্দর্য। এটি চরম পন্থা পছন্দ করে না।