রেস্টুরেন্ট ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা—রহস্য ঘনীভূত – দৈনিক মানবতার কন্ঠ

রেস্টুরেন্ট ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা—রহস্য ঘনীভূত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: March 18, 2026

লৌহজাল প্রতিনিধ-মোঃ স্বপন বেপারী

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ক্ষুদ্র রেস্টুরেন্ট ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বৌলতলী ইউনিয়নের নওপাড়া বাজার সংলগ্ন উদয় কোল্ডস্টোরের সামনে একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দেলোয়ার হোসেন স্থানীয়ভাবে সিঙ্গাড়া-পুড়ির ছোট একটি দোকান পরিচালনা করতেন। খবর পেয়ে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার গলায় মাফলার পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে সাহরি খাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
তবে ঘটনাটি ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, মরদেহটি যেভাবে গাছে ঝুলছিল তাতে এটি স্বাভাবিক আত্মহত্যা বলে মনে হয় না। অনেকের মতে, তার পা মাটির সঙ্গে লেগে ছিল, যা সন্দেহের জন্ম দিয়েছে।
স্থানীয় বাসিন্দা লিটন বেপারী বলেন, এভাবে কেউ ফাঁসিতে ঝুলে মারা যেতে পারে না। বিষয়টি সঠিকভাবে তদন্ত করা প্রয়োজন।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেনের জুয়া খেলার অভ্যাস ছিল এবং এ কারণে তিনি বিভিন্নজনের কাছ থেকে টাকা ধার নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।