মোঃ জাহিদ হাসান- লৌহজং প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরে লাইসেন্সকৃত একনালা বন্দুক থেকে এলোপাথাড়ি গুলির ঘটনায় নারী ও শিশুসহ ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, প্রতিবেশী মিজান খানের সঙ্গে মান্নান খানের দীর্ঘদিনের বিরোধ ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হারুন খানের বাড়ির সামনে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে মিজান খানের বাড়ির লোকজন নারী-পুরুষসহ ঘটনাস্থলে এলে উভয় পক্ষের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়।এ সময় আব্দুল মান্নান খান উত্তেজিত হয়ে হারুন খানের লাইসেন্সকৃত একনালা বন্দুক থেকে পরপর তিন রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে নারী ও শিশুসহ ১৩ জন গুলিবিদ্ধ হন।গুলিবিদ্ধরা হলেন— খোরশেদ খান (৬০), কাজল (৩৫), জয়তুন (৫০), ফাহিমা (৩০), ইভা আক্তার (১৬), নুপুর (২৪), বন্যা (২৭), আয়ান (৫), দোলন (১২), মোস্তাকিন (৭), ইদ্রিস খান (৫৫), আল আমিন খান (৩০) ও মিনু আক্তার (৫৫)। তাদের সবার বাড়ি শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া এলাকায়।স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমানের নেতৃত্বে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া, ইন্সপেক্টর (তদন্ত) মিল্টন দত্ত এবং র্যাব-১০ সিপিসি-২ এর ক্যাম্প কমান্ডার মো. আনোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে আহতদের উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।এ ঘটনায় যৌথ অভিযান চালিয়ে হারুন খান (৭০), আব্দুল মান্নান খান (৬০) ও মহসিন খানকে (২৯) গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত হারুন খানের ঘরের আলমারি থেকে একটি .২২ বোর পিস্তল, ৬১ রাউন্ড .২২ বোর গুলি, একটি একনালা বন্দুক, ২১ রাউন্ড কার্তুজ এবং ৯টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়। এছাড়া মান্নান খানের ঘর থেকে একটি ওয়াকিটকি (চার্জারসহ) জব্দ করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।