কর্মকর্তাদের বাহনে জ্বালানি নিয়ে নতুন নির্দেশনা দক্ষিণ সিটির – দৈনিক মানবতার কন্ঠ

কর্মকর্তাদের বাহনে জ্বালানি নিয়ে নতুন নির্দেশনা দক্ষিণ সিটির

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: March 9, 2026
ছবি : সংগৃহীত

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এসব নির্দেশনার মধ্যে কর্মকর্তাদের ব্যবহৃত গাড়িতে ৩০ শতাংশ এবং বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত গাড়িতে ২০ শতাংশ জ্বালানি কম বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার (৯ মার্চ) ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএসসিসির প্রশাসক আবদুস সালামের নির্দেশে ব্যয় সংকোচন ও সম্পদ সাশ্রয়ের লক্ষ্যে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, কর্মকর্তাদের ব্যবহৃত গাড়িতে জ্বালানি বরাদ্দ ৩০ শতাংশ কমানো হয়েছে। একই সঙ্গে নগরের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে জ্বালানি বরাদ্দ ২০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত ও দাপ্তরিক কাজে গাড়ির ব্যবহার সীমিত রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নেওয়া নির্দেশনার মধ্যে রয়েছে দিনের বেলা পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করা, জানালা ও দরজা খুলে প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, অফিসে বিদ্যমান বৈদ্যুতিক বাতির অর্ধেক ব্যবহার নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখা।