লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী
মুন্সীগঞ্জে পৃথক অভিযানে মোট ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৪ মার্চ) দুপুর ও বিকালে পদ্মা সেতু (উত্তর) থানাধীন মেদেনীমন্ডল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পদ্মা সেতু ইটিসিএস ট্যাগ রেজিস্ট্রেশন সেন্টারের সামনে দক্ষিণ পাশের পাকা সড়কে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম বাবু (২৮) ও রাবেয়া (৪৫) নামের দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাইফুল ইসলাম বাবু শরীয়তপুর জেলার ডামুড্ডা উপজেলার ধানোকাটি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি বর্তমানে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সাতঘড়িয়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। অপরদিকে রাবেয়া শরীয়তপুর জেলার পদ্মা সেতু (দক্ষিণ) থানার নকিরি মাদবরের চরকান্দি এলাকার ইসলাম জমাদ্দারের মেয়ে।
পরবর্তীতে গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে পদ্মা সেতু (উত্তর) থানাধীন মেদেনীমন্ডল খানবাড়ি বাসস্ট্যান্ডের ওজন স্কেলের সামনে ঢাকা-মাওয়া মহাসড়কে অভিযান চালিয়ে আরও ১ হাজার পিস ইয়াবাসহ মো. সোয়েব ওরফে সৌরভ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার কাজুলিয়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের পাইনারচর মোল্লাবাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক তিনজনের কাছ থেকে মোট ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।