প্রতীকী ছবি
মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে আঘাত হানতে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে উপসাগরীয় দেশগুলোতে হামলার পরিকল্পনা করছে ইরান। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান আহমাদিয়ান এ তথ্য জানিয়েছেন।
আহমাদিয়ান বলেন, ইরান মূলত এ অঞ্চলে মার্কিন বাহিনী, তাদের ঘাঁটি এবং স্বার্থের ওপর মনোযোগ দিচ্ছে। এই ‘স্বার্থের’ মধ্যে বৈশ্বিক তেল ও গ্যাস বাজারও অন্তর্ভুক্ত। ইরানের সরকারি অবস্থান অনুযায়ী, তারা যুক্তরাষ্ট্রকে এমনভাবে আঘাত করতে চায় যার প্রভাব এ অঞ্চলের অনেকের ওপরই পড়তে পারে।
তিনি আরও উল্লেখ করেন, উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার মাধ্যমে ইরান মূলত ওয়াশিংটনকে তাদের ‘আগ্রাসন’ নিয়ে পুনরায় ভাবতে বাধ্য করতে চায়। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রকে একটি বড় ধরনের চাপের মুখে ফেলাই তেহরানের মূল লক্ষ্য।
তবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করা ইরানের জন্য কতটা যৌক্তিক—এমন প্রশ্নে আহমাদিয়ান বলেন, এটি মোটেও কোনো যৌক্তিক পছন্দ নয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্রকে সরাসরি আঘাত করার কৌশলকেই বেছে নিয়েছে।