মামলা জট কমাতে লিগ্যাল এইডে গুরুত্বারোপ আইনমন্ত্রীর – দৈনিক মানবতার কন্ঠ

মামলা জট কমাতে লিগ্যাল এইডে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 28, 2026

দেশের ৪০ লাখ মামলার জট কমাতে লিগ্যাল এইডের ওপর গুরুত্বারোপ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সন্ধ্যায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, আমরা সম্প্রতি একটি তথ্য জানলাম, বাংলাদেশে ৪০ লাখের বেশি মামলা পেন্ডিং রয়েছে। এই মামলার জট কমাতে গেলে লিগ্যাল এইডকে আরও কার্যকর করতে হবে।

আইনমন্ত্রী বলেন, মানুষের ন্যায়বিচার পাওয়া তার শাশ্বত ও সহজাত অধিকার। আমরা চাই এই লিগ্যাল এইড কর্মসূচি বাংলাদেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাক। আমরা চাই এদেশের মানুষ তার ন্যায়বিচার ফিরে পাক।

তিনি আরও বলেন, আমরা লিগ্যাল এইড কনসেপ্টটা বাংলাদেশে প্রথম পেলাম ১৯৯৪ সালে। বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৪ সালে প্রথম একটা ফান্ড গঠন করেন। সরকারের পক্ষ থেকে তিনি সেখানে কিছু টাকা দেন এবং বলা হলো এই টাকা গরিব-অসহায় মেহনতি মানুষের জন্য ব্যবহার করা হবে। সে টাকা দিয়ে তারা যাতে লিগ্যাল এইড পায়। আমরা আজ ২০২৬ সালে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার সেই ধারণাটাকে আরও বিস্তৃত করতে চেয়েছি।