নিউমার্কেট এলাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন গুলিতে নিহত হয়েছে
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে গুলিতে তিনি প্রাণ হারান। শুরুতে তার পরিচয়ের বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। পরে তার আঙুলের ছাপ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত হয় পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ৫২ বছর বয়সী টিটন দুই দশকেরও বেশি সময় কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন। তিনি ঢাকার রায়েরবাজার ও হাজারীবাগ এলাকায় আধিপত্য বিস্তার করতেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক মামলা রয়েছে।
টিটন আরেক তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। ইমন টিটনের ছোট বোনকে বিয়ে করেছেন। মূলত ইমনের দাপটেই তিনি অপরাধ জগতে প্রভাব বিস্তার করেন বলে আলোচনা আছে।
পুলিশ আরও জানায়, নিহত ব্যক্তি ২০০১ সালের শীর্ষ সন্ত্রাসীর ২৩ জনের তালিকায় ২ নম্বর আসামি খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন।