দফায় দফায় চুরি,ভেঙে পড়েছে পদ্মা সেতুর রেল সিগন্যাল ব্যবস্থা, বড় দুর্ঘটনার শঙ্কা – দৈনিক মানবতার কন্ঠ

দফায় দফায় চুরি,ভেঙে পড়েছে পদ্মা সেতুর রেল সিগন্যাল ব্যবস্থা, বড় দুর্ঘটনার শঙ্কা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 5, 2026

ভেঙে পড়েছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সিগন্যাল ব্যবস্থাপনা। কম্পিউটার নিয়ন্ত্রিত অত্যাধুনিক সিগন্যাল সামগ্রী চুরি হয়ে যাওয়ায় ট্রেন চলাচল এখন পুরানো ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। এর ফলে ট্রেনের গতি কমেছে এবং রেলকর্মীরা যেকোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন। তাই চুরি রোধ করা না গেলে সার্বিক রেল ব্যবস্থার নিরাপত্তা বড় ধরনের হুমকির মুখে পড়বে।

পদ্মাসেতু রেল সংযোগ রুটে ব্রিটিশ আমলের রেল পরিচালন পদ্ধতির ছাপ এখনও রয়ে গেছে। সরেজমিনে দেখা যায়, শত বছরের পুরানো সেই পদ্ধতি যেন পুনরায় জীবন্ত হয়ে উঠেছে। ট্রেন দ্রুতগতিতে চলে, আর চালককে জরুরি বার্তা দিতে পয়েন্টসম্যানকে সবুজ পতাকা নেড়ে দৃষ্টি আকর্ষণ করতে হয়। হাতে লোহার রিংয়ে বেঁধে দেয়া হচ্ছে সেই বার্তা। পয়েন্টসম্যানরা জানান, মালামাল চুরি হয়ে যাওয়ায় রোদ, বৃষ্টি বা ঝড়ের মধ্যেও এই প্রক্রিয়া চালানো হচ্ছে।

যদিও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে দেশের সর্বাধুনিক সিগন্যাল সিস্টেম ব্যবহার করা হয়েছে, তবে নিমতলা স্টেশন মাস্টারের কক্ষে দেখা গেছে, কম্পিউটার নিয়ন্ত্রিত ইন্টারলক সিস্টেম পুরোপুরি বিকল। ট্রেনের খবর নিতে হচ্ছে মোবাইল ফোনে, আর চালকের কাছে দেয়া হচ্ছে হাতে লেখা নির্দেশিকা।