সামাজিক মাধ্যমে ভুয়া ফটোকার্ড ছড়ানোয় ক্ষুব্ধ হানিফ সংকেত – দৈনিক মানবতার কন্ঠ

সামাজিক মাধ্যমে ভুয়া ফটোকার্ড ছড়ানোয় ক্ষুব্ধ হানিফ সংকেত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: March 26, 2026

বরেণ্য নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ছবি ব্যবহার করে কিছু ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন বরেণ্য এই নির্মাতা।

বিবৃতিতে হানিফ সংকেত বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই আমার অনুষ্ঠানের মাধ্যমে একটি কথা বলে আসছি। সত্যতা যাচাই না করে সামাজিক মাধ্যমে কোনো কিছু পোস্ট বা শেয়ার করা শুধু অন্যায় নয়, অপরাধও। দুঃখজনক হলেও সত্য, সম্প্রতি আমার কিছু শুভাকাঙ্ক্ষী ফেসবুকে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ফটোকার্ড পাঠিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন।’

ওই ফটোকার্ডগুলো তার উপস্থাপনার শৈলী অনুকরণ করে তৈরি করা হলেও এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে জানান তিনি।

হানিফ সংকেত বলেন, ‘উক্ত ফটোকার্ডের কথাগুলো আমার উপস্থাপনাশৈলীর অনুকরণে ছন্দবদ্ধভাবে লেখা হলেও, সেগুলোর সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।  অথচ অত্যন্ত দুঃখের বিষয়, কোনো রকম সত্যতা যাচাই না করেই অনেকে এই ফটোকার্ডগুলো শেয়ার করছেন, কমেন্ট করছেন এবং লাইক দিচ্ছেন।’