লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। দূর দূরান্ত থেকে, এমনকি পাশের জেলা ও রাজধানী ঢাকা থেকেও পরিবার-পরিজন নিয়ে ভ্রমণে আসছেন অনেকে।ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন। পদ্মা নদীর অপরূপ দৃশ্য ও পদ্মা সেতু একনজর দেখার জন্য পর্যটকদের আগ্রহ চোখে পড়ার মতো।ঢাকার যাত্রাবাড়ী থেকে আসা পর্যটক নাজমুল মিয়া বলেন,ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে এসেছি। ছেলে-মেয়েদের নিয়ে শিমুলিয়া ঘাটে এসে খুব ভালো লাগছে। পদ্মা নদী ও পদ্মা সেতু কাছ থেকে দেখার সুযোগ হয়েছে।ঈদকে ঘিরে ঘাট এলাকার হোটেল রেস্টুরেন্টগুলোতেও বেড়েছে বেচাকেনা। অনেক প্রতিষ্ঠানে প্রতিদিন লক্ষাধিক টাকার বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন মালিকরা। চাপ সামলাও রেস্টুরেন্ট মালিকরা বলেন,ঈদের সময় আমাদের ব্যবসা বেশ ভালো হচ্ছে। আমরা পর্যটকদের ভালো সেবা দেওয়ার চেষ্টা করছি।এছাড়া ঘাট এলাকায় গড়ে ওঠা ছোট ছোট দোকান, কাবাব ঘর ও শিশুদের খেলনার দোকানেও বিক্রি বেড়েছে কয়েকগুণ।এদিকে, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্টরা। ট্রলার ঘাটের ইজারাদার মোতালেব খান জানান, দূর-দূরান্ত থেকে পর্যটকরা নদী ভ্রমণে আসছেন। আমরা ট্রলার চালকদের নির্দেশনা দিয়েছি যেন তারা সুরক্ষা বিধি মেনে চলেন এবং কোনো ঝুঁকি না নেন।ঈদের ছুটিতে শিমুলিয়া ঘাটে এমন প্রাণচাঞ্চল্য এলাকাটিকে উৎসবমুখর করে তুলেছে।