আগামীকাল মঙ্গলবার মোট তিনটি আলাদা শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুটি সংসদ সদস্যদের এবং একটি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।
নবনিযুক্ত মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি বলেন, সংসদ সদস্যরা দুই দফায় শপথ নেবেন।
প্রথমে তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা করে দ্বিতীয় দফায় শপথ নেবেন।
সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এমপিদের শপথ অনুষ্ঠিত হবে। এরপর সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নাম প্রস্তাব গৃহীত হবে।
বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এই ঐতিহাসিক অনুষ্ঠানে এক হাজারের বেশি দেশি-বিদেশি অতিথি উপস্থিত থাকবেন।
মন্ত্রিপরিষদসচিব বলেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন মন্ত্রীদের তালিকা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তালিকা পাওয়ার পর মন্ত্রীদের জন্য গাড়ি, নিরাপত্তা, বাসস্থান ও দাপ্তরিক সহায়তার ব্যবস্থা করা হবে।
চার স্তরের নিরাপত্তাব্যবস্থা
শপথ অনুষ্ঠানকে ঘিরে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা। দায়িত্ব পালন করবেন পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির প্রায় ১৫ হাজার সদস্য। স্ট্যান্ডবাই থাকবে সোয়াট, বোম্ব ডিস্পোজাল ও কেনাইন ইউনিট।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, মন্ত্রিপরিষদ সদস্যদের বাসা থেকে দক্ষিণ প্লাজায় যাতায়াতের সময়ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। রুটভিত্তিক নিরাপত্তা ও সংসদ ভবন এলাকায় বিশেষ নজরদারি থাকবে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেন, আনা-নেওয়া থেকে শুরু করে সংসদ ভবনের চারপাশে কঠোর নিরাপত্তা বলয় থাকবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো শঙ্কা না থাকলেও সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে শপথ অনুষ্ঠান সম্পন্ন করা হবে।