নাইজেরিয়ার বানিজ্যিক রাজধানী লেগোস এর ল্যান্ডমার্ক সেন্টার এ আজ থেকে শুরু হয়েছে ‘Pharma West Africa 2026’ মেলা। তিনদিনব্যাপি এই মেলা চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।
রপ্তানি উন্নয়ন ব্যুরো এর আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ হাইকমিশন আবুজা, নাইজেরিয়া এর ব্যবস্থাপনায় বাংলাদেশের ৭ টি ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করছে। প্রতিষ্ঠানগুলো হলো একমি ফার্মাসিউটিক্যালস, এরিস্টোফার্মা, ইনসেপ্টা, ইউরো ফার্মা, নিভিয়ান ফার্মাসিউটিক্যালস, রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস, জিস্কা ফার্মা। এছাড়া এভারেস্ট ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ফার্মাসিউটিক্যাল এবং এস-কে-এফ ফার্মাসিউটিক্যালস মেলায় অংশগ্রহন করছে।
মেলাটি বিশ্বব্যাপী, বিশেষত পশ্চিম আফ্রিকার দেশসমূহের ফার্মাসিউটিক্যালস সেক্টরের ব্যবসায়ীদের সাথে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস সেক্টরের যোগাযোগ সমৃদ্ধ করার সুযোগ সৃষ্টি করেছে। তিনদিন ব্যাপী এই বানিজ্যিক মেলায় বিশ্বের প্রায় ৫০ দেশের ২৫০ টি ফার্মাসিউটিক্যালস সরবরাহকারী প্রতিষ্ঠান এবং ৪৫০০ পেশাদার ক্রেতা অংশগ্রহণ করছে।
এশিয়া, ইউরোপ এবং মেনা (MENA) অঞ্চলের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল প্রদর্শক এর অংশগ্রহণে আয়োজিত এ মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর বিশেষ বুথে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস সেক্টর এর ক্রমবিকাশ এবং সম্ভাবনার উপর নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। এছাড়া মেলায় বাংলাদেশের ফার্মাসিউটিক্যালসসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন এর উপর একটি ব্রশিওর প্রকাশ করেছে।